সংবাদ শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন   |   জাতীয়

নতুন নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাজ পরানোর আনুষ্ঠানিকতায় অংশ নেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে এই র‍্যাংক ব্যাজ পরানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌ প্রতিরক্ষা সক্ষমতা এবং আধুনিকায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Advertisement
Advertisement
Advertisement