সংবাদ শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, দলের উচ্চপর্যায়ে আলোচনা হবে: রিজভী

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন   |   জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, দলের উচ্চপর্যায়ে আলোচনা হবে: রিজভী

অনলাইন ডেস্ক

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সম্পর্কেও দলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে অবস্থান নির্ধারণ করা হবে।

নবনিযুক্ত চেয়ারম্যানদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা তাদের প্রধান অঙ্গীকার হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, তারা নিজ নিজ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

দলের নেতৃত্বের মূল্যায়নের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন করছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের নিয়োগ দিচ্ছেন।

এ সময় রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement