মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -- পানি সম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুর, ১০ শ্রাবণ (২৫ জুলাই):
পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকের ভয়াবহতা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এবং আইন-শৃঙ্খলার উন্নতি ও শান্তিপূর্ণ লক্ষ্মীপুর গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক এবং সন্ত্রাস ওতপ্রোতভাবে জড়িত। যত বড় প্রভাবশালীই হোক না কেন; যারা মাদক কারবারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তিনি।
রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।