রূপসায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদর কোম্পানির একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মামুন (২২) ও মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৫)। মামুনের বাড়ি দৌলতপুর থানার ফুলবাড়ী গেটে এবং আলাউদ্দিনের বাড়ি পশ্চিম সেনপাড়ায় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মামুন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকসহ তাঁদের থানায় হস্তান্তর করা হয়।