খুলনায় পুলিশের বিশেষ অভিযানে ৮ টি মোটরসাইকেল উদ্ধার, মালিকানা নিয়ে তদন্ত
খুলনা ব্যুরো
খুলনা মহানগরের লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে সন্তোষজনক তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট চার্জিং পয়েন্টের মালিক। এ ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লবণচরা থানার সাচিবুনিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি চার্জিং পয়েন্ট থেকে সাতটি এবং অপর একটি চার্জিং পয়েন্ট থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।
কেএমপির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার্জিং পয়েন্ট বা গ্যারেজের মালিক উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে সন্তোষজনক তথ্য কিংবা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে অথবা দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া যানবাহন হতে পারে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো লবণচরা থানা হেফাজতে রাখা হয়েছে। প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।