খুলনাকে উন্নত ও মানসম্মতভাবে নির্মাণের দাবিতে মানববন্ধন
খুলনা ব্যুরো :
খুলনার শিববাড়ি মোড়ে দৃষ্টিনন্দন বহুমাত্রিক আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী ব্রিজের কাজ দ্রুত শেষ করা এবং শিপইয়ার্ড সড়ক ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর শিববাড়ি চত্বরে ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, খুলনার যেদিকে তাকানো যায়, সেদিকেই শুধু ‘নাই’ আর ‘নাই’। বিভাগীয় শহর হিসেবে খুলনা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। আন্দোলন-সংগ্রাম ছাড়া খুলনার কোনো দাবি বাস্তবায়ন হয়নি। তাই দলমত-নির্বিশেষে খুলনাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের দাবি আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জিয়া হল ভেঙে ফেলে রাখা হয়েছে। অবিলম্বে আধুনিক নকশায় একটি দৃষ্টিনন্দন ও বহুমাত্রিক জিয়া হল নির্মাণের কাজ শুরু করতে হবে। একসময়ের সমৃদ্ধ খুলনা এখন অনেকটা মৃত নগরীতে পরিণত হয়েছে। বন্ধ শিল্প-কলকারখানা দ্রুত চালু করে স্থানীয় অর্থনীতিকে সচল ও গতিশীল করারও দাবি জানান তারা।
মানববন্ধনে খুলনা বিমানবন্দর নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন, অর্থনৈতিক জোনের স্থান দ্রুত নির্ধারণ, মেরিন একাডেমি ও নবথিয়েটার নির্মাণের দাবি জানানো হয়।
এ ছাড়া রেলওয়ের অব্যবহৃত ২৭৩ একর জমি পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা, রূপসা রিভার ভিউ পার্ক নির্মাণ ও নগরীর পরিধি বৃদ্ধি এবং খুলনা টেক্সটাইল মিলের অব্যবহৃত জমি ব্যবহারযোগ্য করে গড়ে তোলার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুলনাবাসী দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে। এ বঞ্চনার অবসান করতে হবে। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মো. মাহফুজুর রহমান, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু ও এস এম আসাদুজ্জামান মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
এ সময় উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।