সংবাদ শিরোনাম

নৌলের তাণ্ডবে দক্ষিণ চীন, লাখো মানুষ নিরাপদ আশ্রয়ে

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

নৌলের তাণ্ডবে দক্ষিণ চীন, লাখো মানুষ নিরাপদ আশ্রয়ে

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নৌল। এর প্রভাবে প্রতিবেশী হংকংসহ বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দুর্যোগের আশঙ্কায় গুয়াংডং প্রদেশ থেকে সাত লাখ ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৫০ মিনিটে (শনিবার ১৯:৫০ জিএমটি) গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদং কাউন্টির উপকূলে টাইফুনটি আঘাত হানে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি।

হংকং অবজারভেটরি জানিয়েছে, নৌলের কেন্দ্রের কাছে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। স্থলভাগে প্রবেশের পর এটি ধীরে ধীরে দুর্বল হলেও গুয়াংডংয়ের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল রেডিও জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত গুয়াংডং প্রদেশে সাত লাখ ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শনিবার কর্তৃপক্ষ প্রায় তিন লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার তথ্য জানিয়েছিল।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তজুড়ে দক্ষিণ গুয়াংডং ও দক্ষিণ-পূর্ব ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি এবং দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, গুয়াংডং উপকূলের হুইলাই কাউন্টিতে অসংখ্য গাছ উপড়ে পড়েছে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। টাইফুনের প্রভাবে শহরজুড়ে অন্তত নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে, নৌল হংকংয়ের কাছাকাছি পৌঁছানোর আগে শনিবার বিকেলে একটি বহুতল ভবনের বাইরের বড় অংশের স্ক্যাফোল্ডিং ভেঙে পড়ে। তবে প্রাথমিক তথ্যে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, নৌলের প্রভাবে দ্বীপটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হয়েছে। শনিবার এটি তাইওয়ানের দক্ষিণের জলসীমা অতিক্রম করে দ্বীপটি থেকে দূরে সরে যেতে থাকে।

এর আগে চলতি মাসের ১১ জুলাই টাইফুন বাভি পূর্ব চীনে আঘাত হেনে প্রবল বাতাস ও ভারী বৃষ্টি সৃষ্টি করে। ওই দুর্যোগে ২০ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। একই মাসের ৩ জুলাই দক্ষিণ চীনে আঘাত হেনেছিল আরেকটি টাইফুন, মায়সাক।

সূত্র:আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement