রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৪, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
অনলাইন ডেস্ক:
রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে
সবচেয়ে বেশি রয়েছেন মিরপুর বিভাগের ১৪৪ জন। এ ছাড়া মতিঝিল বিভাগ থেকে ৭২ জন,
তেজগাঁও থেকে ৬৬ জন, ওয়ারী থেকে ৫৫ জন, গুলশান থেকে ৪৭ জন, উত্তরা থেকে ৪০ জন,
লালবাগ থেকে ৩৯ জন, রমনা থেকে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৭ জনকে
গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদক ও
অন্যান্য আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫টি
ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল ফেনসিডিল। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৮ হাজার
৭৫০ টাকাও উদ্ধার করা হয়েছে।
এ সময় ২২ রাউন্ড শটগানের কার্তুজসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও
অস্ত্রের যন্ত্রাংশ জব্দ করা হয়। পুলিশের উদ্ধার তালিকায় আরও রয়েছে একটি পানির মোটর,
পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, ফয়েল পেপার, গ্যাস লাইট, কাঁচি, চাকু, সুইচ
গিয়ার, হ্যাক্সো ব্লেড এবং ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।
ডিএমপি
জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ
ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে
সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।