আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন   |   মহানগর

আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

 রিপোর্টার:

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে তাজিয়া মিছিলে যেকোনো ধরনের ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি কিংবা পটকা ফোটানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ জুন ২০২৬, অর্থাৎ ১০ মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কিছু অংশগ্রহণকারী মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করে থাকেন, যা কখনো কখনো জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করে এবং সামগ্রিক জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্ম দেয়।

ডিএমপি আরও জানিয়েছে, মহররমের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার স্বার্থে তাজিয়া মিছিল চলাকালে কোনো ধরনের আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। একই সঙ্গে মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো ধরনের দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের আওতায় জারি করা এ নির্দেশনা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

Advertisement
Advertisement
Advertisement