সংবাদ শিরোনাম

অবশেষে ঢাকার প্রধান সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন   |   মহানগর

অবশেষে ঢাকার প্রধান সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

মোঃ আর্শাদ হোসেন:

রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল দীর্ঘদিন ধরেই যানজট ও সড়ক বিশৃঙ্খলার অন্যতম কারণ হিসেবে আলোচিত হয়ে আসছে। সম্প্রতি ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের ফলে সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরলেও অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অনেক চালকের ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় এবং অধিকাংশ যানবাহনের নিবন্ধন না থাকায় আইন প্রয়োগেও জটিলতা তৈরি হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এর আওতায় প্রধান সড়কগুলোতে অটোরিকশার চলাচল সীমিত বা সম্পূর্ণ বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা জড়িত থাকায় সিদ্ধান্ত বাস্তবায়নে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হতে পারে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, রাজধানীতে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণের বিকল্প নেই। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে গণপরিবহনের ঘাটতি থাকলেও অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তাই নিরাপদ ও সুশৃঙ্খল নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর নীতিমালা এবং কঠোর তদারকির প্রয়োজন রয়েছে।