খুলনা মেডিকেলে আগুন, পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ---- স্বাস্থ্যসেবা উন্নয়নে বাড়ছে বাজেট, কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

 প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন   |   খুলনা

খুলনা মেডিকেলে আগুন, পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ----    স্বাস্থ্যসেবা উন্নয়নে বাড়ছে বাজেট, কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত। বুধবার (২০ মে) তিনি হাসপাতালের আগুনে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালে সাময়িক আতঙ্ক তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে একই দিনে হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশের হাসপাতালগুলো আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়নে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে অতিরিক্ত ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট পাস হলে ধাপে ধাপে হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

মন্ত্রী জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে। হাসপাতালের নিরাপত্তা জোরদারে ঈদের পর প্রতিটি উপজেলায় নিরাপত্তা সদস্য মোতায়েন এবং হাসপাতাল ইউনিটে আনসার নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনের সময় হাসপাতালের রান্নাঘরের খাবারের মান, রেবিস ভ্যাকসিন সংকট ও পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। অনিয়ম ও অব্যবস্থাপনা সহ্য করা হবে না বলে সতর্কবার্তা দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

জনবল সংকট দূর করতে ঈদের পর প্রায় এক লাখ চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Advertisement
Advertisement
Advertisement