কুয়েটে বৈজ্ঞানিক গবেষণা লেখালেখি বিষয়ক কর্মশালা

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন   |   খুলনা

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক লেখালেখি ও গবেষণা দক্ষতা উন্নয়ন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (এএএসডিসি) এ কর্মশালার আয়োজন করে।

“ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএএসডিসি পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের একাডেমিক লেখালেখির দক্ষতা অর্জন জরুরি। তিনি গবেষণামুখী শিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মশালায় গবেষণা পদ্ধতি, একাডেমিক লেখালেখির কৌশল, গবেষণা নৈতিকতা, তথ্যসূত্র ব্যবস্থাপনা এবং গবেষণা প্রকাশনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement