নড়াইলে সড়ক দুর্ঘটনা পিকআপ–লাটা গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৪
মাসুদ আল হাসান ,খুলনা
নড়াইল সদর উপজেলার তালতলা এলাকায় পিকআপ ভ্যান ও ইঞ্জিনচালিত লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত বাবু মিয়া পিকআপ ভ্যানের চালকের সহযোগী (হেলপার) ছিলেন।
সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-যশোর মহাসড়কের নড়াইল সদরের তালতলা এলাকার আঞ্চলিক বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইট পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত লাটা গাড়ি নড়াইল শহরতলী থেকে চৌগাছার দিকে যাওয়ার সময় বেপরোয়া গতিতে চলছিল। তালতলা এলাকায় একটি লাটা গাড়ি অপরটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সাতক্ষীরাগামী মুরগি বহনকারী একটি খালি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার বাবু মিয়ার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, লাটা গাড়ি দুটির বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।u