খুলনায় পাট শ্রমিকদের সড়ক অবরোধ --- কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় পাট শ্রমিকদের সড়ক অবরোধ  ---  কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

খুলনা ব্যুরো :

কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনার দৌলতপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাটশ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকালে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ কর্মসূচির ফলে সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে শ্রমিকরা রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারীদের একাংশ ভবনের বাইরে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে দেশের পাট খাত চরম সংকটে পড়েছে। তাদের দাবি, প্রায় নয় মাস ধরে বহু শ্রমিক কাজ হারিয়ে পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন।

শ্রমিকরা দ্রুত কাঁচা পাট রপ্তানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে একই সময়ে বিজেএ ভবনে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আরোপিত শর্তের কারণে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত রপ্তানি কার্যক্রম চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

Advertisement
Advertisement
Advertisement