সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
"আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি" এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মুবিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হলেন মোঃ মেহেদী হাসান তানভীর,জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডাঃ মাহবুব হাসান, সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মোঃ সোহেল রানা,এরিয়ার ভেটেরিনারি সার্জন ডাঃ তাজ মোহাম্মদ ।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়াবে এবং উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে।