খুলনায় ঠিকাদার সমিতির কার্যালয়ে গুলি, আহত ১
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় ঠিকাদার সমিতির কার্যালয়ে ঢুকে গুলি করার ঘটনায় সহ-সভাপতি হারুন অর রশিদ আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতিসংঘ পার্ক এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত খুলনা খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির কার্যালয়ে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে গুলি চালায়। এতে সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদ ডান পায়ের রানে গুলিবিদ্ধ হন। তিনি খালিশপুরের নয়াবাটি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত।
সমিতির সাধারণ সম্পাদক খান মো. রেজাউল আলম জানান, সমিতির চেয়ারম্যান পদ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হামলা হয়ে থাকতে পারে।
তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।