তরুণদের হাত ধরেই দেশের পরিবর্তন সম্ভব: কেসিসি প্রশাসক মঞ্জু
খুলনা ব্যুরো :
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নিজেদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে সংগ্রাম করতে হয় এবং সেই সংগ্রামের মধ্য দিয়েই তারা শেষ পর্যন্ত সফলতা অর্জন করে। তরুণদের নেতৃত্বেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
রবিবার ১৭ মে বিকেলে নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ‘রঙমহল ফর ইয়ুথ’ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিবিদরা তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করেন এবং দেশের উন্নয়ন অভিযাত্রায় তরুণ-যুবকদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। একটি নিরাপদ ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে যুবসমাজকে সম্পৃক্ত করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
“তরুণদের কণ্ঠ থেকে কমিউনিটির পরিবর্তন” প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় প্রশাসক আরও বলেন, মাদকের বিস্তার রোধে পরিবার ও অভিভাবকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি সচেতন নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা ভালো থাকলে সমাজ ও দেশও ভালো থাকবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলভী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ এবং শিক্ষিকা রেহেনা ঈসা।
সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমী রায় ও জাবিন তাছকিন। এ সময় নিজ জীবনের পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন রহিমা খাতুন ও শিমলা দাস।