কুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু; সহযোগিতার আশ্বাস ভিসির
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে এস. এম. সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে নেমে তিনি পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে থাকা সহপাঠীরা বিষয়টি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়।
পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, পরিচালক (ছাত্র কল্যাণ), সংশ্লিষ্ট হলের প্রভোস্ট, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন। তারা নিহত শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করে গভীর শোক ও সমবেদনা জানান।
উপাচার্য মরহুম শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুরো কুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয় করছে।
নিহত শিক্ষার্থী পাবনা জেলার দিলালপুর পিকে শাহা রোড এলাকার বাসিন্দা মো. আব্দুস সামাদের ছেলে।