অভয়নগরে আনিছ হত্যার প্রধান আসামি শাহ মাহমুদ গ্রেফতার
খুলনা ব্যুরো :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের আর এন রোড এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার বাসিন্দা শাহ জোনায়েদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওয়াপাড়া বাজারে নিহত আনিছুর রহমানের ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নেওয়া নিয়ে শাহ মাহমুদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ৬ মে সন্ধ্যায় আনিছুর রহমানকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর থেকে প্রধান আসামি আত্মগোপনে ছিলেন। হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা আন্দোলন শুরু করলে পুলিশ অভিযান জোরদার করে।
পুলিশের একটি সূত্র জানায়, এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।