খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন ---- ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক
খুলনা ব্যুরো :
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
বুধবার (২০ মে) তিনি হাসপাতালে উপস্থিত হয়ে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হাসপাতালের বর্তমান পরিস্থিতি, চিকিৎসা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
জেলা প্রশাসক রোগী ও স্বজনদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবা যেন কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে সাময়িক আতঙ্ক তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।