চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত ২১ মে রাত আনুমানিক ১০টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘর তল্লাশি চালিয়ে ভারতীয় ৭ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫১০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়।
৫৩ বিজিবি আরও জানায়, চলতি বছরে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ২ জন আসামিসহ ভারতীয় ৪০৮ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ১ দশমিক ৯৬০ কেজি হেরোইন, ২৬১ বোতল ফেন্সিডিল, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯১৮ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।