চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ: আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি
মোঃ আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ
দেশে ক্রমাগত শিশু ধর্ষণ, হত্যা এবং স্থানীয় এক গৃহশিক্ষিকা হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ‘সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমা নামাজের পর দুপুর ২টায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন এবং দ্রুত বিচারের দাবি জানান।
সমাবেশে এক বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, " আর বিচার চাই না। শত শত খুন-ধর্ষণের পরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। প্রশাসন দ্রুত রামিশা ও গৃহশিক্ষিকা হত্যার বিচার না করলে ছাত্র-জনতা নিজেদের হাতে আইন তুলে নেবে।"
নিহত শিক্ষিকার সন্তান বক্তা হিসেবে উপস্থিত হয়ে প্রধান আসামী ব্যক্তির জবানবন্দিকে বানোয়াট দাবি করেন। তিনি বলেন, "তার মা নির্দোষ শিক্ষিকা ছিলেন। প্রশাসনের কাছে আমি মায়ের সুষ্ঠু বিচার ও খুনির ফাঁসি চাই।"
বক্তারা চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে বলেন, "বিচারের দীর্ঘ প্রক্রিয়ার কারণে প্রশাসনের ওপর থেকে মানুষের ভরসা উঠে গেছে। সময়মতো সঠিক বিচার না হলে সারা বাংলাদেশের মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।" সমাবেশে বক্তারা অবিলম্বে বিচার প্রক্রিয়া দ্রুত করার এবং আইন সংস্কারের জোর দাবি জানান। কর্মসূচিতে আব্দুর রহিম, মুত্তাসিন বিশ্বাস, আব্দুল্লাহ আল হাদি, মাহিয়াম খান, পলাশ ও আলী আকবরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।