সুন্দরবনে দস্যুবিরোধী অভিযান: জিম্মি ২১ জেলে সহ অস্ত্র ও গুলি উদ্ধার
খুলনা ব্যুরো :
সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৃথক দুইটি অভিযানে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় বৃহস্পতিবার ভোরে কয়রা-শ্যামনগর সংলগ্ন আন্ধারমানিক এলাকার কেওড়াতলা খালে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে দয়াল বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে তাদের জিম্মিতে থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়।
এদিকে বিকেলে দাকোপের শিবসা নদীর বড় দুদমুখ খাল এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর অবস্থানের খবর পেয়ে যৌথ অভিযান চালায় কোস্ট গার্ড ও র্যাব। এ সময় দস্যুরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। পরে দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে আরও ১১ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
লেঃ শেখ সাদমান বিন মাহমুদ বলেন, সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।