সংবাদ শিরোনাম

কুয়েটে নতুন ভিসির প্রথম মতবিনিময় সভা

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে নতুন ভিসির প্রথম মতবিনিময় সভা

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুপুর ১২টায় শিক্ষকবৃন্দ এবং বিকেল ৪টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সভায় বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত গতিশীল করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে। নিজেকে কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভাইস-চ্যান্সেলর জানান, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা তাকে অবহিত করা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক এবং কর্মকর্তা সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement