যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হাসান

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন   |   খুলনা

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হাসান

খুলনা ব্যুরো :

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

২৮ জুন রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতির স্বর্ণপদক অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

১৯৯৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের পাশাপাশি জার্মানির ইউনিভার্সিটি অব লিপজিগের সঙ্গে একাডেমিক কার্যক্রমেও যুক্ত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনি ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন৬ স্কুলের ডিন, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক শেখ মাহমুদুল হাসানের নিয়োগে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, একজন দক্ষ শিক্ষক ও অভিজ্ঞ প্রশাসক হিসেবে তাঁর নেতৃত্ব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement