সংসদে হুইপ বকুল: খুলনায় শিল্প ও স্বাস্থ্য খাতে বাড়তি গুরুত্বের দাবি
মাসুদ আল হাসান :
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘নতুন বাংলাদেশ গড়ার সাহসী ও সময়োপযোগী পরিকল্পনা’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, সমালোচনা থাকলেও বাজেটের মূল লক্ষ্য একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা।
রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, কেউ বাজেটকে উচ্চাভিলাষী বলছেন, আবার কেউ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন। তবে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা ও অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
আলোচনায় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নয়ন দর্শনের কথা উল্লেখ করে বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে কাজ করছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে হুইপ বকুল বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সক্ষমতা দেখিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজ নির্বাচনী এলাকা খুলনা-৩-এর বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, নিউজপ্রিন্ট মিল, জুট মিল ও হার্ডবোর্ড মিলসহ একাধিক শিল্পপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু অথবা নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান তিনি।
এ ছাড়া খুলনা অঞ্চলের প্রায় ১০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় ও মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা এবং বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার আহ্বান জানান জাতীয় সংসদের এই হুইপ।