সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি ,আহত ৩
খুলনা ব্যুরো :
সুন্দরবনের কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।
আজ ২৬ জুন শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে বিশেষ অভিযান পরিচালনার সময় বোটে অবস্থানরত ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান।
কোস্ট গার্ড জানায়, অভিযানে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
কোস্ট গার্ডের দাবি, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বাহিনীর পলাতক সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে কোস্ট গার্ড জানিয়েছে, অভিযানের এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। গুজবে বিভ্রান্ত না হয়ে সাধারণ মানুষকে স্বাভাবিক চলাচল করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের ভেতরে বা আশপাশের লোকালয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে উল্লেখ করে সন্দেহজনক তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে বাহিনী।