অবসর ভাতার অপেক্ষায় হাজারো শিক্ষক, ৬৭ হাজার আবেদন এখনো নিষ্পত্তিহীন-শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন   |   জাতীয়

অবসর ভাতার অপেক্ষায় হাজারো শিক্ষক, ৬৭ হাজার আবেদন এখনো নিষ্পত্তিহীন-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা প্রদানে বড় ধরনের জটিলতার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ জানতে চান, অবসর গ্রহণের পর বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ সময় ভাতা না পেয়ে আর্থিক সংকটে পড়ছেন। অবসরের তিন থেকে ছয় মাসের মধ্যে এসব ভাতা প্রদানের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে বিপুলসংখ্যক আবেদন এবং অর্থসংকটের কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে।

তিনি জানান, একজন শিক্ষক বা কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। বর্তমানে জমা থাকা আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকার প্রয়োজন হলেও অবসর তহবিলে রয়েছে মাত্র প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার ঘাটতি সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টেও আগস্ট ২০২৩ থেকে চলতি বছরের ২১ জুন পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন জমা হয়েছে, যেগুলো এখনো নিষ্পত্তি হয়নি। এসব আবেদন নিষ্পত্তির জন্য অতিরিক্ত প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার এককালীন বরাদ্দ প্রয়োজন বলে জানান মন্ত্রী।

ড. মিলন বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার ব্যবস্থা পুনরায় চালু, জনবল বৃদ্ধি, অনলাইন সেবা সম্প্রসারণ এবং সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement