আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণায় গুরুত্বারোপ
ডেক্স নিউজ:
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তিনি প্রতিষ্ঠানটির
প্রধান কার্যালয়ে পৌঁছান। পূর্বঘোষিত কর্মসূচির বাইরে এই সফর হওয়ায় তাৎক্ষণিকভাবে
কর্মকর্তাদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন
এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি চলমান কার্যক্রম
সম্পর্কে খোঁজখবর নেন এবং গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে বিস্তারিত অবহিত
হন।
স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল
ইসলাম প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাদের
উদ্ভাবনী কর্মকাণ্ড, গবেষণা প্রকল্প এবং চলমান প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে
উপস্থাপনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী স্পারসোকে
আন্তর্জাতিক মানের, প্রযুক্তিনির্ভর এবং স্বনির্ভর একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে
রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের জাতীয় নিরাপত্তা, দুর্যোগ
ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে মহাকাশ প্রযুক্তির কার্যকর ব্যবহার
নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়
উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম,
প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, একান্ত
সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রতিরক্ষা
মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবনভিত্তিক গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি প্রয়োগে কাজ করে যাচ্ছে। দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।