জাতীয় স্বার্থ সমুন্নত রেখেই সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ: ডা. জাহেদ উর রহমান

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন   |   জাতীয়

জাতীয় স্বার্থ সমুন্নত রেখেই সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ: ডা. জাহেদ উর রহমান

ডেক্স নিউজ: 

বাংলাদেশের সার্বভৌম স্বার্থ ও জাতীয় মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সম্প্রতি চীন ও মালয়েশিয়া সফরেও বাংলাদেশ একই অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী পদমর্যাদা প্রদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন কোনো চাপ সৃষ্টির আশঙ্কা নেই। বরং তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক আরও ইতিবাচক ও ফলপ্রসূ হবে।

তিনি আরও জানান, মালয়েশিয়া ও চীন—উভয় দেশই বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। সরকারও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে এসব দেশের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সৃজনশীল চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজেও সরকার আন্তরিকভাবে এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিসিটিআই-এর কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement