হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজারের বেশি হাজি, চলবে ফিরতি ফ্লাইট ১ জুলাই পর্যন্ত

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন   |   জাতীয়

হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজারের বেশি হাজি, চলবে ফিরতি ফ্লাইট ১ জুলাই পর্যন্ত

 স্টাফ রিপোর্টার: 

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরা অব্যাহত রয়েছে। শুক্রবার পর্যন্ত মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজ বুলেটিনের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৮৩৮ জন রয়েছেন।

ফিরতি ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বেশি অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ১০২টি ফ্লাইটের মাধ্যমে ৩১ হাজার ৯৮১ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ১৪৯ জন এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৯৬৭ জন হাজিকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ২০০ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পবিত্র মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে ৪১৫ জন বাংলাদেশি হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলোর মাধ্যমে ৬৭ হাজার ৮৬ জন হাজিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। একই সময়ে মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪০৫ জন হাজিকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট পরিচালনা। এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

এ বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।

Advertisement
Advertisement
Advertisement