মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রত্যাখ্যানের আহ্বান ভূমিমন্ত্রীর
রাজশাহী, ২৬ জুন:
মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন মোঃ মিজানুর রহমান মিনু। তিনি বলেন, অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে যারা অস্বাভাবিক সম্পদের মালিক হচ্ছে, তারা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। এসব ব্যক্তিকে চিহ্নিত করে ঘৃণা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ভূমিমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহ প্রভাবে শুধু একজন ব্যক্তি নয়, একটি পুরো পরিবার ধ্বংসের মুখে পড়ে। দীর্ঘ ত্যাগ ও পরিশ্রমে গড়ে ওঠা সন্তানের ভবিষ্যৎ মাদকের নেশায় মুহূর্তেই অন্ধকারে হারিয়ে যেতে পারে। ফলে জাতির মেধা ও সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, একসময় চীন আফিমাসক্তির ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছিল। তবে সঠিক নেতৃত্ব ও জনসচেতনতার মাধ্যমে দেশটি সেই অবস্থা কাটিয়ে উন্নয়নের শীর্ষে পৌঁছেছে। বাংলাদেশের তরুণ সমাজকেও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, কারণ তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে মন্ত্রী জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজশাহী অঞ্চলে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর মাদক উৎপাদনকারী চক্র বিভিন্ন উপায়ে বাংলাদেশে মাদক প্রবেশ করানোর চেষ্টা করছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, মো. মাহফুজুর রহমান রিটন, মোহাম্মদ শাহজাহান, ফয়েজুল কবীর, মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভূমিমন্ত্রী।