ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন   |   জাতীয়

ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে টানা দুই দফা মূল্য হ্রাসের পর আবারও সোনার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক সময়ে সোনার বাজারে বড় ধরনের মূল্য সমন্বয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সোনার দামের এই ঊর্ধ্বগতির ফলে অলংকার ক্রেতা ও ব্যবসায়ীদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Advertisement
Advertisement
Advertisement