রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
রিপোর্টার:
রাজধানীর রামপুরায় ২০২৪ সালের গণআন্দোলনের সময় কার্নিশে ঝুলে
থাকা এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে
গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় সাবেক ডিএমপি
কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর
চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ
এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন রামপুরা জোনের সাবেক
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
এছাড়া মামলায় সাবেক এসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড
এবং সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে হাবিবুর
রহমান, রাশেদুল ইসলাম, মশিউর রহমান ও তারিকুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।
একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির
করা হয়।
রায়ের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রাণভয়ে একটি
নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় ভুক্তভোগীকে লক্ষ্য করে গুলি চালানো
হয়, যা ছিল অত্যন্ত নির্মম ও অমানবিক। তিনি জানান, প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে
প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ছাত্র-জনতার
আন্দোলনের সময় রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়ক এলাকায় আতঙ্কিত হয়ে একটি নির্মাণাধীন
চারতলা ভবনের ছাদে আশ্রয় নেন আমির হোসেন। হোটেলে কাজ শেষে ফুফুর বাসায় ফেরার পথে
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে ভবনটিতে ওঠেন।
পরে জীবন বাঁচাতে ভবনের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও পুলিশ
সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুলিবিদ্ধ হয়ে
নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে এবং পরে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।
এই
ঘটনাসহ দুইজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়। তাদের
বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম পরিচালিত হয়।