দেশজুড়ে শুরু হলো জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ
স্টাফ রিপোর্টার
সারা দেশে আজ রোববার শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে দেশজুড়ে এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইউনিসেফের সহায়তায় সংগৃহীত চার লাখ নীল এবং দুই কোটি ২০ লাখ লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে সারা দেশের বিতরণকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
কর্মসূচিতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তা গ্রহণ করা যাবে। এছাড়া দেশের ১২ জেলার ৫৮টি দুর্গম উপজেলায় আরও চার দিন বিশেষ কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে শিশুদের অন্ধত্ব, রাতকানা ও পুষ্টিহীনতা প্রতিরোধে ১৯৭৩ সালে প্রথম ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কর্মসূচি চালু হয়। ১৯৯৫ সালে এটি জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়। পরে ২০০৩ সালে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ নামে পৃথক কর্মসূচি হিসেবে পরিচালিত হতে থাকে। ২০২৫ সালে বন্ধ থাকার পর ২০২৬ সালে কর্মসূচিটি পুনরায় চালু করা হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্ব পালন করছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।