আম মৌসুমে বিশেষ ব্যাংকিং সুবিধা, শনিবারও খোলা থাকবে আমবাজার সংলগ্ন শাখা

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন   |   জাতীয়

আম মৌসুমে বিশেষ ব্যাংকিং সুবিধা, শনিবারও খোলা থাকবে আমবাজার সংলগ্ন শাখা

রিপোর্টার:

চলতি আম মৌসুমে আমচাষি, ব্যবসায়ী ও আড়তদারদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় রাজশাহী বিভাগের চার জেলার আমবাজার সংলগ্ন তফসিলি ব্যাংকের নির্দিষ্ট শাখা ও উপশাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় বর্তমানে আমের জমজমাট বাজার গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে রাজশাহী ও নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা এবং নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা। এসব এলাকায় মৌসুমজুড়ে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়ে থাকে।

এ অবস্থায় ব্যবসায়ী ও কৃষকদের নগদ অর্থ জমা ও উত্তোলনের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অধিক পরিমাণ নগদ অর্থ বহন ও সংরক্ষণের ঝুঁকি কমাতে সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এ সেবা পরিচালনা করতে হবে। জনস্বার্থ বিবেচনায় ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে আম মৌসুমে প্রান্তিক চাষি, ব্যবসায়ী ও আড়তদাররা নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন এবং নগদ অর্থ ব্যবস্থাপনায় ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।

Advertisement
Advertisement
Advertisement