তরুণ শিল্পীদের সৃজনশীলতা জাতির আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে: প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ জুন: তরুণ শিল্পীদের সৃজনশীল চিত্রকর্ম দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত ‘অধিকারের সংগ্রাম’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সুস্থ, সৃজনশীল ও প্রগতিশীল শিল্প-সংস্কৃতির বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্প ও সংস্কৃতিচর্চাকে জাতীয় উন্নয়নের অপরিহার্য অংশ হিসেবে মূল্যায়ন করছেন এবং শিল্পীদের বিভিন্নভাবে উৎসাহ ও স্বীকৃতি দিচ্ছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশের তরুণ প্রজন্ম শিল্প ও সংস্কৃতির বিকাশের অনুকূল পরিবেশ থেকে বঞ্চিত হয়েছিল। বর্তমান সময়ে শিল্পচর্চার জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যা তরুণদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে আলোকিত একটি প্রজন্মই দেশকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারে।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চারুকলা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার প্রতিচ্ছবি। একটি দেশের শিল্পচর্চা যত সমৃদ্ধ হবে, সেই জাতি তত বেশি নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়কে গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হবে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং আয়োজক, প্রধান সমন্বয়ক ও অংশগ্রহণকারী তরুণ শিল্পীদের অভিনন্দন জানান। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন-সংগ্রামকে শিল্পের মাধ্যমে তুলে ধরার এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
প্রদর্শনীতে স্থান পাওয়া বিভিন্ন চিত্রকর্মে দেশের ইতিহাস, আত্মত্যাগ, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে শিল্পীর তুলিতে জীবন্ত করে তোলা হয়েছে।