অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন   |   জাতীয়

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

ঢাকা, ২৫ জুন :

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনহীন হজ এজেন্সি, গ্রুপ বা কাফেলার প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তি ও সাধারণ জনগণকে সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অনুমোদনহীন প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজের প্রচার চালিয়ে হজযাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। তবে সরকার অনুমোদিত, বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, অনুমোদনহীন কোনো ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজে যাওয়া সম্ভব নয়। এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও অনুমোদিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে হজসংক্রান্ত অর্থনৈতিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও হজ পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা (গাইডলাইন) শিগগিরই ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সবাইকে সরকার ঘোষিত প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করে হজের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

Advertisement
Advertisement
Advertisement