প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা, অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন   |   জাতীয়

প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা, অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

বরিশাল, ২৫ জুন:

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশ্ন ফাঁসের যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রশ্ন ফাঁস বা এ-সংক্রান্ত কোনো অনিয়মে জড়িতদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যা ভবিষ্যতে অন্যদের জন্যও সতর্কবার্তা হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

একক ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষার মতো একই প্রশ্নপত্রে মূল্যায়ন সম্ভব হলে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রের প্রয়োজনীয়তা নেই। তিনি উল্লেখ করেন, অতীতে প্রশ্ন ফাঁসের আশঙ্কাকে কারণ দেখিয়ে বোর্ডভিত্তিক ভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হলেও বর্তমান সরকার প্রশ্ন ফাঁসের সুযোগই বন্ধ করতে চায়।

তিনি আরও বলেন, কোনো বোর্ডের প্রশ্ন তুলনামূলক সহজ এবং অন্য বোর্ডের প্রশ্ন কঠিন হওয়ার কারণে শিক্ষার্থীদের ফলাফলে যে বৈষম্য তৈরি হতো, অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে সেই অসামঞ্জস্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তব্যে শিক্ষামন্ত্রী অতীতের শিক্ষা ব্যবস্থার নানা দুর্বলতার সমালোচনা করে বলেন, শুধু পাসের হার বাড়ানোর প্রবণতা শিক্ষার প্রকৃত মানকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং যোগ্যতাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেন। কোনো পরীক্ষার্থীকে যেন অনৈতিক বা অবৈধ সুবিধা দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা প্রশাসক খাইরুল আলম সুমন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement
Advertisement
Advertisement