স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক; নিরাপত্তা, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা
ঢাকা, ২৫ জুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার Sarah Cooke সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধ, অভিবাসনসংক্রান্ত অপরাধ দমন এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার জানান, আগামী ৭ ও ৮ জুলাই লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় দুই দেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, বৈঠকটি উভয় দেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী যুক্তরাজ্য থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে যুক্তরাজ্যের প্রস্তাবিত ‘ইউকে লেটার’ ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ছাড়া বৈঠকে অভিবাসন অপরাধ প্রতিরোধ, ‘পুলিশ রেফারেল প্রোগ্রাম’, অবৈধভাবে পাচার হওয়া অর্থ ও সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।