ইমাম-মুয়াজ্জিন ভাতার আওতায় ১২ হাজার ৮১০ জন, সংসদে ধর্মমন্ত্রীর তথ্য

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন   |   জাতীয়

ইমাম-মুয়াজ্জিন ভাতার আওতায় ১২ হাজার ৮১০ জন, সংসদে ধর্মমন্ত্রীর তথ্য

ডেক্স নিউজ:

ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমদের জন্য সম্মানী ভাতা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১২ হাজার ৮১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমানের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।

ধর্মমন্ত্রী জানান, দেশে বর্তমানে কতজন ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে সরকারের কাছে হালনাগাদ ও নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। সেই হিসাবে সম্ভাব্য ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।

তিনি বলেন, ভাতা কর্মসূচি অব্যাহত থাকলেও সম্ভাব্য বিপুলসংখ্যক ইমাম-মুয়াজ্জিনের সবাইকে কবে নাগাদ এর আওতায় আনা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

৩৪২ মডেল মসজিদের নির্মাণ শেষ

অন্য এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রকল্পের আওতায় মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ পর্যন্ত ৩৪২টি মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আরও ১৮৬টির কাজ চলছে। বাকি মসজিদগুলোর নির্মাণ ২০২৮ সালের জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

ওয়াকফ সম্পত্তি উদ্ধারে উদ্যোগ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, অবৈধ দখলমুক্ত করতে অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকাভুক্তকরণ, আদালতে মামলা দায়ের এবং ওয়াকফ অধ্যাদেশ, ১৯৬২-এর ৬৪ ধারার আওতায় জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, গত এক বছরে অবৈধ দখলদারদের কবল থেকে ১৫১ দশমিক ১৭৯৫ একর ওয়াকফ সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি ও দেবোত্তর সম্পত্তির প্রকৃত উদ্ধারসংক্রান্ত নির্দিষ্ট পরিসংখ্যান সংসদে উপস্থাপন করা হয়নি।

মসজিদভিত্তিক শিক্ষকদের ভাতা বাড়বে

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের বর্তমান মাসিক সম্মানী ৬ হাজার টাকা।

প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী ধাপে ধাপে এই সম্মানী বৃদ্ধি করা হবে এবং ২০২৯-৩০ অর্থবছরে তা সাড়ে ৭ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সংক্ষেপে

  • ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ১২,৮১০ জন ভাতা পাচ্ছেন।
  • দেশে সম্ভাব্য ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৬.৬২ লাখ।
  • ৫৬৪ মডেল মসজিদের মধ্যে ৩৪২টির নির্মাণ শেষ।
  • গত এক বছরে ১৫১.১৭৯৫ একর ওয়াকফ সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
  • মসজিদভিত্তিক শিক্ষকদের সম্মানী ২০২৯-৩০ অর্থবছরে সাড়ে ৭ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
Advertisement
Advertisement
Advertisement