কুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন   |   রাজশাহী

কুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

 চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) গত রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন সদর উপজেলার চর ইসলামপুর এলাকার মো. নাসির (৪৬) এবং শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়া এলাকার মো. মতিন (২০)।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে এনে স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে ডিএনসির অভিযানে চালানটি গন্তব্যে পৌঁছানোর আগেই জব্দ করা সম্ভব হয়।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন।


Advertisement
Advertisement
Advertisement