চাঁপাইনবাবগঞ্জে ‘আম মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় “আম মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপু ২টায় জেলা প্রশাসন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিশ্ব কুমার মণ্ডল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. মো. ইয়ারাজিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার আমচাষ, নিরাপদ খাদ্য উৎপাদন, আমের গুণগত মান সংরক্ষণ এবং বিদেশে রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও সঠিক কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আমের বাজার সম্প্রসারণ ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে। মেলায় জেলার বিভিন্ন জাতের আম প্রদর্শনের পাশাপাশি আমভিত্তিক বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।