কোমল পানীয়ের সঙ্গে গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যু

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন   |   রাজশাহী

কোমল পানীয়ের সঙ্গে গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যু

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের ঋণের চাপ ও মানসিক অস্থিরতার কারণে নাটোরের বাগাতিপাড়ায় বিপুল কুমার সরকার (৪৩) নামে এক ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর (গালিমপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল কুমার সরকার ওই গ্রামের মৃত অদ্বৈত প্রসাদ সরকারের ছেলে। তিনি বগুড়ার একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কর্মস্থল থেকে বাড়িতে ফেরেন বিপুল। বাড়িতে এসে তিনি তার বড় বোনকে জানান যে, তিনি কোমল পানীয়ের সঙ্গে গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ থানায় নিয়ে যায়।

পরিবারের দাবি, বিপুল কুমার সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের বোঝা নিয়ে মানসিক চাপে ছিলেন। সেই চাপ থেকেই তিনি চরম এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement