নাচোলে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষা শিবিরের উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তব্য দেন নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মো. ইয়াকুব আলী। তিনি বলেন, একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত সমাজ গঠনে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দিনব্যাপী আয়োজিত এ শিক্ষা শিবিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন দলটির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচির শুরুতে জেলা সেক্রেটারি অধ্যাপক মো. আবু বকর ‘দারসুল কুরআন’ শীর্ষক আলোচনায় সূরা নিসার ৩৬ থেকে ৪০ নম্বর আয়াতের ব্যাখ্যা তুলে ধরেন।
এরপর সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক ইয়াহ্ইয়া খালেদ ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে আলোচনা করেন। ‘ইনফাক ফি সাবিলিল্লাহ’ বিষয়ে বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা মো. আবু জর গিফারী।
দুপুরের অধিবেশনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ‘আনুগত্য ও পরামর্শ’ বিষয়ে বক্তব্য দেন। এছাড়া রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ‘পরিকল্পনা বাস্তবায়নের কৌশল’ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুহা. মিজানুর রহমান ‘ইসলামী আন্দোলনের কর্মীদের মুয়ামিলাত’ বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।
শিক্ষা শিবিরে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০ জন পুরুষ ও মহিলা রুকন এতে অংশগ্রহণ করেন।
গ্রুপভিত্তিক আলোচনা, মতবিনিময় এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে বিকেলে দিনব্যাপী এ শিক্ষা শিবিরের কার্যক্রম শেষ হয়।