সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, ২.৫৩ লাখের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

 প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, ২.৫৩ লাখের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:

সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রবিবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার লাবসা উপস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মো. আবদুছ ছালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তির সুরক্ষা এবং সুস্থ ও স্বাভাবিক শারীরিক বিকাশ নিশ্চিত করা।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৭টি উপজেলা২টি পৌরসভায় স্থাপিত ১ হাজার ৯৩৮টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বছর সাতক্ষীরায় মোট ২ লাখ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ৮০২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে প্রতিটি শিশু এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে উপকৃত হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement