পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল, বদলি ও পদোন্নতিতে ২১ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক:
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পদোন্নতি পেয়ে সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ডিআইজি মো. মনিরুজ্জামানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকমে এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালীর কমান্ড্যান্ট, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ)-তে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুরে এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে পুলিশ সুপার (এসপি) পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা), সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করার লক্ষ্যে এ পদায়ন ও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।