সীমান্ত হত্যায় ভারতকে আন্তর্জাতিক আদালতে নিতে হবে নাসীরুদ্দীন
রিপোর্টার:
সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৬ জুন)মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারত শেষে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত না হলে সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব নয়।
একই সঙ্গে তিনি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে সীমান্ত এলাকায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থানের মতো মৌলিক সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আধুনিকায়নের আহ্বান জানান।
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে অন্যায় ও হত্যাকাণ্ড আর ভবিষ্যতে ঘটতে দেওয়া হবে না। তিনি সীমান্তের জনগণকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকে সমন্বিতভাবে সহযোগিতা করতে হবে, বিশেষ করে পুশইন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি বিএনপিকে উদ্দেশ করে মন্তব্য করেন, দেশের স্বার্থে ভারতের সঙ্গে শক্ত অবস্থান নিতে পারলে রাজনৈতিক সমর্থন আরও বিস্তৃত হবে বলেও ইঙ্গিত দেন।