খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক মঞ্জু

 প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন রোববার সকালে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার গুরুত্বপূর্ণ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রতি হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মহানগরীর কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, বিভাগীয় সহকারী পরিচালক (রোগতত্ত্ব) অর্পণা বিশ্বাস, সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, কেসিসির সচিব মো. রেজা রশীদসহ স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেসিসি সূত্রে জানা গেছে, মহানগরের ৩১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে ৬৩০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ৮০টি মোবাইল টিম মাঠে কাজ করবে।

এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৩৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৬ হাজার ৬৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১ হাজার ৪২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisement
Advertisement
Advertisement