খুলনা স্বাস্থ্য বিভাগে নতুন পরিচালকের দায়িত্ব নেওয়ার পর ১৫ জনের রদবদল
খুলনা ব্যুরো :
খুলনা স্বাস্থ্য বিভাগের প্রশাসনে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, প্রভাব বিস্তার ও বদলি–বাণিজ্যের অভিযোগের মধ্যে নতুন পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন দায়িত্ব নেওয়ার পর ব্যাপক রদবদল শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৯ মে খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন। যোগদানের পর তিনি দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা পর্যালোচনা করেন। এরপর প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় কয়েক ধাপে বদলির আদেশ জারি করা হয়।
স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা, যারা নাম প্রকাশ করতে চাননি, দাবি করেন, দীর্ঘদিন ধরে বিভাগের কিছু কর্মকর্তা একই কর্মস্থলে থেকে বদলি, পদোন্নতি ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করে আসছিলেন। তাঁদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ফলে প্রশাসনে স্বচ্ছতা ও শৃঙ্খলা ব্যাহত হয়েছে। তাঁরা বলেন, নতুন পরিচালকের উদ্যোগে দীর্ঘদিনের স্থবিরতা কাটার আশা তৈরি হয়েছে।
কয়েকজন কর্মকর্তা আরও অভিযোগ করেন, অতীতে কিছু কর্মকর্তা রাজনৈতিক পরিচয়ের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘ সময় একই কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন। তাঁদের বিরুদ্ধে বদলি–বাণিজ্য, প্রশাসনিক অনিয়ম এবং অন্যান্য অভিযোগ বিভিন্ন সময়ে উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নিয়েছি। বদলিগুলো সম্পূর্ণ প্রশাসনিক নিয়ম মেনেই করা হয়েছে। দীর্ঘদিন একই স্থানে কর্মরতদের রদবদল করা হয়েছে, যাতে নতুন কর্মপরিবেশ সৃষ্টি হয় এবং সেবার মান উন্নত হয়।’
তিনি আরও বলেন, ‘অতীতে যাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, সেসব বিষয়ও পর্যালোচনায় রয়েছে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ তথ্য-প্রমাণ ও সরকারি বিধি অনুসরণ করা হবে। অনিয়মের বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে।’
খুলনা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ নতুন পরিচালকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করলে প্রশাসনিক স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। নিয়মিত রদবদল প্রশাসনে ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু বদলি নয়, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে স্বাস্থ্য বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।##
মাসুদ